Tuesday, November 17, 2020

রাশিয়ার চোখ সুদানে


সুদানে শক্তিশালী নৌ-ঘাঁটি নির্মাণে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা দ্রুত শুরুর তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, নিজেদের শক্তি আরও ছড়িয়ে দিতে মিত্র দেশে নৌ ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে দেশটি। বিশেষ করে সমুদ্রে নিজেদের শক্তি বেগবান করতেই তৎপর হয়েছে রাশিয়া।

সমুদ্রে চলাচলকারী রুশ জাহাজগুলোর মেরামত ও কারিগরি পৃষ্ঠপোষকতা প্রদান এবং এসব জাহাজের নাবিকদের বিশ্রাম নেয়ার লক্ষ্যে রাশিয়ার এ ধরনের ঘাঁটি প্রয়োজন বলে খার্তুমকে জানিয়েছিল মস্কো। রাশিয়ার এমন প্রস্তাব গ্রহণও করেছে সুদান।

ইতিমধ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সুদানের সঙ্গে সম্ভাব্য সামরিক চুক্তির খসড়াটি পুতিনের কাছে হস্তান্তর করেছেন। চুক্তির খসড়ায় বলা হয়েছে, নৌ সামরিক ঘাঁটি নির্মাণের জন্য সুদান রাশিয়াকে বিনামূল্যে জমি সরবরাহ করবে। অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ওই ঘাঁটির সার্বিক নিরাপত্তা রক্ষার সব সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র সুদান সরকারের নিয়ন্ত্রণে দিয়ে দেবে রাশিয়া।

মস্কো বলছে, কোনো দেশের সঙ্গে যুদ্ধের পরিচালনার জন্য সুদানে নৌ ঘাঁটি তৈরির পদক্ষেপ নেয়া হয়নি। মূলত ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই দু'দেশ ঐক্যমতে পৌঁছেছে। 

কন্টেন্ট ক্রেডিট: সময় নিউজ  


No comments:

Post a Comment